কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
পাঠচর্চা বৃদ্ধি ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান।
মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থার প্রকাশিত দশ হাজারেরও বেশি বই প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এতে বাংলা ও বিদেশি সাহিত্য, উপন্যাস, ছোটগল্প, রম্যরচনা, নাটক, আত্মজীবনী, বিজ্ঞান, দর্শন, ধর্ম, স্বাস্থ্য, রান্না, কম্পিউটার ও ভাষা শিক্ষা বিষয়ক বই রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন,
“শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে পড়াশোনায় আগ্রহী করতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাঠচর্চা বাড়লে তরুণ প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, কালাই বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, ভ্রাম্যমাণ বইমেলা স্থানীয়ভাবে পাঠাভ্যাস বৃদ্ধি করবে এবং বইয়ের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা জাগিয়ে তুলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

