যশোর প্রতিনিধি
৩৮ বছরের শিক্ষকতা জীবনের পর অবসরে গিয়ে সংসার চালাতে এখন লেবু বিক্রি করছেন যশোরের সাবেক শিক্ষক আবদুল লতিফ। ৭৪ বছর বয়সী এই মানুষটির জীবনসংগ্রাম এখন অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। তিনি বিশ্বাস করেন, জীবিকার প্রয়োজনে কোনো কাজই ছোট নয়।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন বাণিজ্য বিভাগ থেকে স্নাতক আবদুল লতিফ। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। ২০১৪ সালে অবসর নেন তিনি।
অবসরের পর ভাড়া বাড়ি ও টিউশনি থেকে জীবিকা নির্বাহ করলেও কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়ায় টিউশনি ছেড়ে দিতে হয়। বর্তমানে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত যশোর সার্কিট হাউসের সামনে লেবু বিক্রি করেন তিনি। এতে দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। পাশাপাশি ভাড়া থেকে মাসে প্রায় ৯ হাজার টাকা পান।
আবদুল লতিফ বলেন, “৩৮ বছর শিক্ষকতা করেছি, শত শত ছাত্রীকে মানুষ করেছি। আজ তারা প্রতিষ্ঠিত। আমি বসে থাকতে পারি না। সংসারের কিছু খরচও লাগে, তাই বিকেলে কিছু লেবু কিনে এনে বিক্রি করি। এতে সংসার চলে যায়।”
তিন বছর আগে স্ত্রী মারা গেছেন। একমাত্র ছেলে ঢাকায় চাকরি করেন। বাড়িতে পুত্রবধূ ও নাতি-নাতনিরা থাকলেও একাকীত্ব দূর করার জন্যও লেবু বিক্রি করেন বলে জানান তিনি। “ফুটপাতে বসলে অনেক মানুষের সঙ্গে কথা বলা যায়। এতে সময়ও কাটে, মনও ভালো থাকে।”
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, “আমি ২০১৩ সালে বিদ্যালয়ে যোগ দিই, পরের বছর লতিফ স্যার অবসর নেন। মানুষ হিসেবে তিনি অত্যন্ত ভালো। সম্প্রতি অসুস্থ হয়েছেন, মাঝেমধ্যে রাস্তায় তার সঙ্গে দেখা হয়।”
এদিকে জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সম্প্রতি যশোর শহরে ফুটপাতে লেবু বিক্রি করতে বসা আবদুল লতিফের সঙ্গে দেখা করেন। তিনি তার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস দেন।

