মনিরামপুর (যশোর) প্রতিনিধি
‘শুভ কাজে, সবার পাশে’ শ্লোগানকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান বসুন্ধরা শুভসংঘ সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে মনিরামপুরে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
শনিবার মনিরামপুর পৌরশহরের প্রতিভা বিদ্যানিকেতন ক্যাম্পাস মিলনায়তনে উপজেলার শুভসংঘের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিভা বিদ্যানিকেতনের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়া শুভসংঘের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “সমাজের অসহায় ও অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা এই কর্মসূচির মূল লক্ষ্য।” তিন মাসব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২০ জন নারী অংশ নেবেন এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনামূল্যে একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হবে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত মেহেজাবিন আক্তার রীতা। প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা হলো এতিম, বিধবা, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের।
প্রশিক্ষণে অংশ নেওয়া ফারজানা ইয়াসমিন বলেন, “বসুন্ধরা শুভসংঘের এ ধরনের মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এটি আমাদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “শুভসংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, অন্যান্য প্রতিষ্ঠানও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে।”
উপজেলা শাখার সভাপতি এসএম হাফিজুর রহমান বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ যুগান্তকারী। ভবিষ্যতেও আমরা গরীব ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখব।”

