খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর মহিদাপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক কলা চাষীর তিন বিঘা জমির কলা বাগান কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে মারধরও করা হয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
আহত কলা চাষী নাসির পত্তন্দার বাদী হয়ে ১০ জনকে আসামি করে রাজবাড়ী কোর্টে দুটি মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন—দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বারপাড়া গ্রামের মৃত সমির প্রামানিকের ছেলে মনোরদ্দিন প্রামানিক (৭২), মৃত রশিদ প্রামানিকের ছেলে মুনছুর প্রামানিক (৪৫), মৃত রহমান প্রামানিকের ছেলে জিলাল প্রামানিক (৪০), মৃত নুরাল প্রামানিকের ছেলে আমিন প্রামানিক (৩২), মৃত কদর প্রামানিকের ছেলে নিজাম প্রামানিক (৫০), মৃত নুরাল প্রামানিকের ছেলে আলাল প্রামানিক (৩৩), হজো প্রামানিক (৫৩)সহ আরও তিনজন।
গোয়ালন্দ ঘাট থানাধীন মহিদাপুর চরখণ্ডে ৮ বিঘা জমিতে কলা চাষ করতেন নাসির পত্তন্দার। ওই জমির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত ১৮ আগস্ট সকালে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে তার কলা বাগানে প্রবেশ করে প্রায় তিন বিঘা জমির ধরন্ত কলা গাছ কেটে ফেলে।
সংবাদ পেয়ে নাসির ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে কিলঘুষি ও চড়থাপ্পড় মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মামলার ১নং আসামি মনোরদ্দিন প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাসির পত্তন্দার তাদের জমির বরগার টাকা পরিশোধ না করায় তারা কলা গাছ কেটে ফেলেছেন। তিনি আরও জানান, নাসির মামলা করেছেন, তারা আইনি লড়াই করবেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “শুনেছি কোর্টে মামলা হয়েছে। তবে থানায় মামলার কপি এখনও আসেনি। কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

