কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় মিতালী কচিকাঁচা মেলার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা মিতালী কচিকাঁচা মেলার উপদেষ্টা ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মেলার পরিচালক আব্দুল্লাহ আল বাকি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানিয়া ইনস্টিটিউট-এর পরিচালক এমদাদুল হক, নলতা আহসানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইডিয়াল একাডেমির পরিচালক ডা. নজরুল ইসলাম, সখিপুর খানবাহাদুর আহসানউল্লাহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন অর রশিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা শরিক প্রেস ক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, সাংবাদিক রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু প্রমুখ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসা ও কেজি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল বিভাগে বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

