ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৭ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুন্টা আজবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন বেগম।
জানা গেছে, মেঘনা নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—চুন্টা ইউনিয়নের আবদুল হাসিমের ছেলে নাছির উদ্দিন, কাশিম মিয়ার ছেলে আসিদ, আজিজুল মিয়ার ছেলে বাহার, বড়বল্লা গ্রামের জজ মিয়ার ছেলে সবুজ, লোপাড়া গ্রামের আঃ সাত্তারের ছেলে আঃ নুর, কালীশিমুল গ্রামের আঃ জলিলের ছেলে কবির এবং শেরপুরের বানিয়াচং উপজেলার লিবাস আলীর ছেলে লিটন মিয়া।
সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম জানান, “নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।”
অবৈধভাবে নদী থেকে মাটি বা বালু উত্তোলন পরিবেশ, কৃষি ও নদী ব্যবস্থাপনার জন্য হুমকিস্বরূপ—এমনটি মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা নিয়মিত মনিটরিং ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান।

