সাতক্ষীরা জেলা প্রতিনিধি
‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাতক্ষীরার আয়োজনে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী।
বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম আবুল হাশেম এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শাহরিয়ার নাঈম শাইখ, যিনি উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ. আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাস এনজিও’র নির্বাহী পরিচালক ইমান আলী, নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাতক্ষীরা কারাগারের জেলর মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থী যদি একজন নিরক্ষর ব্যক্তিকে সাক্ষরজ্ঞান দেয়, তাহলে দেশে শতভাগ সাক্ষরতা অর্জন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালে গেটে তালা দিয়ে রাখতে হবে এবং ক্লাসে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। শিক্ষকরা বাইরে কোচিং করালে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপানের বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “কোচিং এখন ফ্যাশনে পরিণত হয়েছে, এ থেকে বেরিয়ে আসার সময় এসেছে।”

