মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ভ্যানচালক মিন্টু হোসেন হত্যা মামলার অন্যতম আসামি সাব্বির রহমান ওরফে বড় সাব্বির (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সুন্দরলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বড় সাব্বির পৌরসভার হাকোবা গ্রামের সাদেক আলীর ছেলে। পুলিশ জানায়, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট সন্ধ্যায় হাকোবা এলাকায় চাঁদার দাবিতে মিন্টু হোসেনসহ একই পরিবারের পাঁচজনের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত মিন্টুকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরদিন মামলার অপর দুই আসামি—ফারুক ও ছোট সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। এবার একই মামলার প্রধান আসামিদের একজন বড় সাব্বিরকে গ্রেপ্তার করা হলো।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “হত্যা মামলার অন্যতম আসামি বড় সাব্বিরকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

