দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে স্বপ্না খাতুন (দেড় বছর) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু স্বপ্না খাতুন ওই গ্রামের সূর্য আলীর একমাত্র কন্যা সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পরিবারের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। শিশুটি খেলার সময় পরিবারের সবার অজান্তে পুকুরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং বিষয়টি আইনানুগভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
স্থানীয়দের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশে খোলা জলাশয়ের চারপাশ ঘেরা ও সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

