দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় সুজন (২৬) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিলের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুজন রাজশাহীর চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার বাসিন্দা। তিনি নাজির উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় সুজনের চালানো শিবপুরগামী অটোভ্যানটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে অটোভ্যানচালক ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “মরদেহ থানায় আনা হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

