কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটী গ্রামে এ ঘটনা ঘটে। আহত শফিকুল বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শফিকুল ইসলাম টিহাটী গ্রামের গাউস সরদারের ছেলে। তার বাবা গাউস সরদার জানান, “গত কয়েক বছর ধরে আমাদের গ্রামের জিকির ফকির (৪০) তার দুই ছেলে তারসিদ ফকির (২২) ও রাজু ফকির (২০) কে সঙ্গে নিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আমি এবং আমার ছেলে এর প্রতিবাদ করায় সোমবার তারা তিনজন মিলে আমার ছেলেকে রাস্তা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে।”
মারধরের ঘটনার পরদিন শফিকুলের পিতা গাউস সরদার কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত জিকির ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে তারসিদ ফকির দাবি করেন, “আমরা শফিকুলকে মারধর করিনি, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”
ঘটনার বিষয়ে কোটালীপাড়া থানার তদন্ত কর্মকর্তা এএসআই আলাউদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে যেসব পরিবার প্রতিবাদ করছে, তাদেরই বারবার সন্ত্রাসী হামলার শিকার হতে হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ ছাড়া এই চক্রের দৌরাত্ম্য বন্ধ হবে না বলে মনে করছেন তারা।

