দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ভারত থেকে আনা চারটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামকৃষ্ণপুর মোল্লাপাড়ায় নায়েক সজলের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় তারা মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি মহিষ আটক করে।
অপরদিকে সোমবার (৮ সেপ্টেম্বর) একই সময়ে চরচিলমারী বিওপির আরেকটি এলাকায়, সীমান্ত পিলার ১৫৪ মেইন পিলার থেকে ৭ কিলোমিটার অভ্যন্তরে বাজুমারা পোল্ট্রি মোড় নামক স্থানে একই দলের অভিযানে আরও ২টি ভারতীয় মহিষ আটক করা হয়।
বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে আটক হওয়া চারটি মহিষের মোট সিজার মূল্য ৭ লক্ষ টাকা। মহিষগুলো বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

