নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ‘৫ জিরো প্লাস’ বিষয়ক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল— বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন, শিশু শ্রম বন্ধ, শিশুদের অপুষ্টি ও ক্ষুধামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা, স্কুল থেকে ঝরে পড়া রোধ, প্লাস্টিক ব্যবহার বন্ধ এবং পরিচ্ছন্ন-সবুজ পরিবেশ সৃষ্টি।
বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার এবং সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এরিয়া ম্যানেজার সাগর জন কস্তা।
স্বাগত বক্তব্যে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং আগামী প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে পরিবার, বিদ্যালয় ও সমাজকে একসাথে কাজ করতে হবে। শিশুদের অপুষ্টি, ঝরে পড়া ও বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা, সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, প্রবীণ সাংবাদিক এনামুল হক বাবুল, রমেশ কুমার পার্থ, আলম ফরাজী, যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথীসহ অনেকে।
বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে পারলেই বাল্যবিবাহ, শিশু শ্রম ও ঝরে পড়া রোধ করা সম্ভব হবে। পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম ও প্লাস্টিক ব্যবহার হ্রাসে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

