জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও আল্লামা সাঈদীর পুত্র, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী বলেছেন, “বাংলাদেশে ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা প্রায়শই ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু জামায়াতে ইসলামী দলের নেতা ও সদস্যরা কখনও দুর্নীতি করেননি। আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সংসদে ১০ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি দুর্নীতিবাজ ছিলেন না, এবং তার সন্তানেরাও দুর্নীতিবাজ নয়।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাধীন সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাসুদ সাঈদী আরও বলেন, “আওয়ামী লীগের নেতারা জামায়াতকে রাজাকার হিসেবে অপপ্রচারে অভিযুক্ত করছেন। এই মিথ্যা অপবাদ জাতিকে বিভ্রান্ত করছে। আপনারাও এ ধরনের ভুল করবেন না, না হলে নিজেদের ধ্বংস ডেকে আনবেন।”
তিনি নির্বাচনের প্রসঙ্গে উল্লেখ করেন, “সম্প্রতি পিরোজপুর সদর উপজেলা বিএনপির কাউন্সিলে তাদেরই কর্মীরা ব্যালট বাক্স ছিনতাই ও মারামারির ঘটনা ঘটিয়েছে। যেখানে নিজ দলের নেতারাই নিরাপদ নয়, সেখানে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব?”
সমাবেশে সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা ফারুক হোসেন সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি আহাদুল ইসলাম নাঈম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খাইরুল বাশার, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

