কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে বাধ্য করা এবং অন্তরঙ্গ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকাগামী মহাসড়কের সিক্সলেন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ভুক্তভোগী কিশোরীর বাবা মেহেদী হাসান রিয়াজ বাদী হয়ে কবিরাজ তাইজুল ইসলাম মুসা, তাঁর স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় কিশোরীর অন্তরঙ্গ ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

