ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাম্প্রতিক সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকা ফেরার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।” তিনি আরও জানান, ইতোমধ্যে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন শেষে তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেন। ঘটনায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বলেন, দুটি ইউনিয়নের পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে রিট হয়েছে, যার শুনানি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তিনি জানান, জনগণের আবেগ ও অনুভূতির বিষয়টি নির্বাচন কমিশনে ইতোমধ্যেই প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে।
ডিসি কামরুল হাসান মোল্লা জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় এবং জনগণের ভোগান্তি এড়াতে আন্দোলন থেকে সরে আসুন।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন এবং হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান।

