জাহিদুল ইসলাম রিফাত,জবি প্রতিনিধি
সম্পূরক বৃত্তি এবং জকসু সহ তিন দফা দাবিতে অনশনে বসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
আজ ১৬ সেপ্টেম্বর (সোমবার) রফিক ভবনের নিচে অনশন কর্মসূচিতে বসেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে নিজেদের অধিকার আদায়ে। এরই ধারাবাহিকতায় শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি, অনশন কর্মসূচি এবং সর্বশেষ “লং মার্চ টু যমুনা” আন্দোলন করেন। কিন্তু বারংবার আশ্বাস পেয়েও নিজেদের অধিকার অর্জন করতে পারেনি।
সর্বশেষ গত ১৪ই মে ৩ দফা দাবিতে “লং মার্চ টু যমুনা” আন্দোলন করে। সাময়িক ভাবে দাবি পূরণ করলেও এর প্রয়োগ দেখা যায়নি। এরই পরিপ্রেক্ষতি পুনরায় ৩ দফা দাবিতে অনশন কর্মসূচিতে বসে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৩ দফা হলো:
১।শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।
২।বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ(জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৩।ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা ও কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।
অনশনের বিষয়ে উদ্ভিদ বিজ্ঞানের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমরা এতদিন অবস্থানসহ বেশ কিছু কর্মসূচি করেছি তাতে প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশন দিতে বাধ্য হয়েছি—এছাড়া আমাদের উপায় ছিলো না। এই নখদন্তহীন প্রশাসন হয়তো আমাদের দাবি মেনে নিবে নয়তো তাদের নিজেদের রাস্তা মাপতে হবে।
প্রসঙ্গত জানতে চাওয়া হলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন,আমরা জীবন দিতে প্রস্তুত, সিদ্ধান্ত এখন প্রশাসনের হাতে। আমাদের সঙ্গে সম্পূরক বৃত্তি নিয়ে যে নাটক শুরু করা হয়েছে, সেটির দ্রুত সমাপ্তি চাই। জকসু হলো ১৮ হাজার শিক্ষার্থীর অধিকার, কিন্তু প্রশাসনের সদইচ্ছার অভাবে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনকে দ্রুত তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। ক্যাফেটেরিয়ায় ভর্তুকি ও লাইব্রেরির আধুনিকায়নের দাবি আমরা বহুদিন ধরে জানিয়ে আসছি, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।

