হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে ১১ জন প্রবীণ শ্রমিককে সম্মাননা জানিয়ে বিদায় দেওয়া হয়েছে। এসময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা অংশ নেন। অনুদানপ্রাপ্ত শ্রমিকরা হলেন— আশাদুল, আব্দুল্লাহ, মোমিনুর রহমান, ইয়াছিন, জাফর মিয়া, মহাসিন, মনিরুল, আকরম, আরফাত, নাজমুল হোসেন ও হেকমত আলী।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি বলেন, “আমাদের দায়িত্ব নেওয়ার আগে শ্রমিকরা কোনো সঞ্চয় সুবিধা পাননি। অল্প অল্প করে জমানো টাকা থেকেই আজ প্রবীণদের বিদায়ী সম্মাননা দেওয়া সম্ভব হয়েছে। এই ঐক্যই আমাদের শক্তি।”
সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, ৫ আগস্টের পর থেকে বন্দরে কাজ কমে গেলেও শ্রমিকদের বেতন কমানো হয়নি। শ্রমিকদের সুরক্ষিত অর্থ থেকেই এ ফান্ড গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়নের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, বন্দর বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ সকল নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
শ্রমিকরা জানান, জীবনের শেষ প্রান্তে এ ধরনের সম্মাননা পাওয়া তাদের জন্য এক বিশাল প্রাপ্তি এবং শ্রমিক ঐক্যের অনন্য দৃষ্টান্ত।

