সুনামগঞ্জ প্রতিনিধি
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের জেল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আলফাত স্কয়ারে গিয়ে শেষ হলে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, দোয়ারাবাজার উপজেলার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ছাতক উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান আশরাফুল ইসলাম রাজুসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমান্ডার আবদুল মজিদ, সদস্য সচিব প্রভাত রঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ সিরাজ কুতুবী, জামালগঞ্জ উপজেলার কমান্ডার আবদুল কাদির, দিরাই উপজেলার কমান্ডার উমুদ রঞ্জন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন ও শান্তিগঞ্জ উপজেলার কমান্ডার আতাউর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

