বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে নদীভাঙন থেকে বালুরগ্রাম রক্ষায় দশানী নদীর গতিপথ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। নদীর দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর পুনঃখনন করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান তাঁরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় বালুরগ্রাম এলাকাবাসীর উদ্যোগে দশানী ব্রিজের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আব্দুস ছামাদ, জুব্বার আলী, শাহীনুর রহমানসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুরগ্রামসংলগ্ন দশানী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। ভাঙনের কারণে নদীর ওপর নির্মিত দশানী ব্রিজটিও হুমকির মুখে পড়েছে।
তাঁরা আরও বলেন, দশানী ব্রিজের নিচের পশ্চিম পাশে বালু জমে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পূর্ব পাশ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ওই অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা ও ফসলি জমি হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
বালুরগ্রামকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে দশানী ব্রিজের পশ্চিম পাশে জমে থাকা বালুচর খনন করে নদীর স্বাভাবিক গতিপথ পুনরুদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

