আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় উদ্যোগে আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশস্থ কানাডা হাই কমিশনের সহযোগিতায় উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রুহুল আমিন। রূপান্তরের সমন্বয়কারী কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, আশরাফ হোসেন, ইমাম মাওলানা ফেরদাউস হোসেন, পুরোহিত শংকর প্রসাদ ব্যানার্জী, আব্দুল্লাহ আল মামুন, ফাতেমা খাতুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার, শাহিন হোসেন, স্বপ্না পারভিন ও তাওহীদা প্রমুখ।
সংলাপে যুব সমাজ, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সিভিল সোসাইটি প্রতিনিধি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও বোঝাপড়ার বিকল্প নেই। আন্তঃ প্রজন্মীয় আলোচনার মধ্য দিয়ে একে অপরের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করলে সামাজিক সম্প্রীতি আরও গভীর হয়। সংলাপে অংশগ্রহণকারীরা সহনশীল ও বিভেদমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

