মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ ইউছুফ গাজী (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে মনোহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিদর্শক জানান, তাঁর নেতৃত্বে মনোহরপুর গ্রামে বিল্লাল গাজীর বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিল্লাল পালিয়ে গেলেও ইউছুফ গাজীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ইউছুফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। অভিযানের সময় মাদকচক্রের মূল হোতা বিল্লাল গাজী পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ইউছুফকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

