স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-আড়িয়ারা গ্রামের তাজিম মোল্যার মরদেহ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার মা।
এ ঘটনায় সোমবার (৮ডিসেম্বর) বিকালে তাজিমের দুই বন্ধুকে গ্রেফতার দেখিয়ে লোহাগড়া থানা পুলিশ আদালতে প্রেরন করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসানের আদালতে অভিযুক্তরা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। নিহত তাজিম মোল্যা চর-আড়িয়ারা গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলাম মোল্যার ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন,চর-আড়িয়ারা গ্রামের মনির শেখের ছেলে ইনজামুল শেখ (১৫) এবং আনিচ বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস (১৬)। সম্পর্কে তারা দু’জন তাজিমের বন্ধু ছিল।
পুলিশ সুত্রে জানা গেছে,শনিবার(৬ডিসেম্বর)রাতে চর-আড়িয়ারা গ্রামে একটি দোকানে বন্ধুদের সাথে ক্যারাম খেলছিল তাজিম।
রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে একই গ্রামের হবিবার মৃধার পুকুর পাড়ে একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করলে তাজিমের পরিচয় শনাক্ত করেন স্বজনরা। এ ঘটনায় ওই দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের দুই বন্ধু কে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে বলেন, সোমবার দুপুরে নিহতের মা বাদী হয়ে তাজিমের দুই বন্ধুসহ মোট পাঁচজন কে আসামী করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। বিকালে দুই বন্ধু ইব্রাহিম ও ইনজামুল কে আদালতে নেওয়া হলে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

