নোয়াখালী প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ওসমান হাদীর ওপর গুলি ও হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মাইজদী টাউন হল মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন সেলিম, জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, কামরুজ্জামান হাফিজ, বিএনপি নেতা ভিপি জসিম, মোস্তাফিজুর রহমান পলাশ, মো. আবু হানিফ, ভিপি আলাউদ্দিন আলা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর ওপর গুলি চালানোর ঘটনা একটি পরিকল্পিত হত্যা চেষ্টা। সম্প্রতি চট্টগ্রামেও বিএনপির ধানের শীষের এক প্রার্থীর ওপর একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা প্রমাণ করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘কিলিং মিশন’ পরিচালনা করছে।
সমাবেশ থেকে এই হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, একটি চক্র শুরু থেকেই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করে আসছে এবং এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে অংশ নিতে তারা বদ্ধপরিকর।

