নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. মাইনউদ্দিন (৩৭)। তিনি সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। মাইনউদ্দিন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে মাইনউদ্দিন মোটরসাইকেলে করে বাবাসহ চরমজিদ গ্রামের নিজ বাড়ি থেকে স্থানীয় জোবায়ের বাজারে যান। সেখানে বাবাকে রেখে তিনি মোটরসাইকেলে করে কুমিল্লায় কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথে সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সুবর্ণচরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

