ফরিদপুর প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
প্রফেসর এ বি এম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলাই ইছা, সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

