Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহে প্রাণনাশের আশঙ্কা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দোলনের

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করায় নিজের জীবন ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কার কথা জানিয়েছেন দৈনিক ঢাকা টাইমস সম্পাদক, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে আরিফুর রহমান দোলন অভিযোগ করেন, নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশের পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম তাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে চান এবং এ জন্য গোপন পরিকল্পনা করছেন।

দোলনের ভাষ্য অনুযায়ী, একটি নাশকতার ঘটনা ঘটিয়ে তাকে ও তার কয়েকজন সমর্থকের নামে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনার কথা তিনি একাধিক সূত্র থেকে জানতে পেয়েছেন। একই সঙ্গে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও হত্যার আশঙ্কাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

এ প্রেক্ষিতে আরিফুর রহমান দোলন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করে ফরিদপুর-১ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সর্বোচ্চ নজরদারি, সতর্কতা ও পর্যাপ্ত গোয়েন্দা তৎপরতার দাবি জানান।

নিজের অবস্থান স্পষ্ট করে দোলন বলেন, তিনি একজন পেশাদার সাংবাদিক ও সম্পাদক এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সবসময় অহিংস নীতিতে বিশ্বাসী। কিন্তু তিনি নির্বাচনে অংশ নিতে পারেন—এমন খবরে একটি পক্ষ বহুমুখী ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, অতীতে খন্দকার নাসিরুল ইসলাম একাধিকবার তাকে বিএনপিতে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন, যা তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। তার মতে, সেই প্রত্যাখ্যানের কারণেই এখন তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে।

২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে দোলন বলেন, সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী থাকাকালে খন্দকার নাসিরুল ইসলাম নিজেই তার সঙ্গে যোগাযোগ করে ঈগল প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছিলেন। কাশিয়ানী ও ফরিদপুরে একাধিক বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি।

গণতন্ত্রের প্রশ্ন তুলে আরিফুর রহমান দোলন বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সবার রয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বীকে ভয়ভীতি দেখিয়ে বা সহিংসতার মাধ্যমে মাঠছাড়া করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরও অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলাম তার অনুসারীদের কাছে প্রশাসন ‘ম্যানেজ’ করার কথা বলছেন এবং বিভিন্ন দপ্তরে নিজের প্রভাবের কথা প্রচার করছেন। তবে দোলন আশা প্রকাশ করেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো কোনো অন্যায় আবদারে সাড়া দেবে না।

শেষে আরিফুর রহমান দোলন বলেন, ফরিদপুর-১ আসনের জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার স্বার্থেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রার্থী হলে তিনি প্রতিপক্ষের রোষানলে পড়ে প্রাণনাশের ঝুঁকিতে পড়তে পারেন—এই বিষয়টি তিনি রাষ্ট্র ও জনগণকে আগাম জানিয়ে রাখলেন।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।