Nabadhara
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাদী’র ওপর হামলার প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
ডিসেম্বর ১৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

উদীয়মান তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরের শার্শা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হলপট্রি এলাকায় অবস্থিত বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাগআঁচড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘হত্যাচেষ্টার বিচার চাই’, ‘রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর’, ‘তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না’—এমন নানা স্লোগান দেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং বিএনপি নেতা আমজির হোসেন।

সমাবেশে জাহাঙ্গীর হোসেন বলেন, দেশে ভিন্নমত দমনে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেওয়া হচ্ছে। তরুণ ও সম্ভাবনাময় নেতৃত্বের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন নিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।