হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১দলীয় জোটের (শাপলা কলি প্রতীক) প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, “আমরা দস্যুতার রাজনীতি বন্ধ করতে এসেছি। হাতিয়া থেকে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি দূর করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ওপর হামলা বা ভয় দেখিয়ে লাভ নেই। ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করেও কেউ সফল হবে না। শাপলা কলির গণ-জোয়ারকে কেউ থামাতে পারবে না।”
সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক বিক্ষোভ মিছিল শেষে উপজেলা শহরের জিরো পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় হান্নান মাসুদ এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “শাপলা কলির গণ-জোয়ারে ঈর্ষান্বিত হয়ে কিছু মহল আমাদের সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। সম্প্রতি শিক্ষক মহিব্বুর রহমানসহ কয়েকজনকে কুপিয়েছে। প্রশাসন সন্ত্রাসীদের ধরছে না। তবে আপনারা পাশে থাকুন, আমরা হাতিয়ার উন্নয়ন করব। প্রশাসন তাদের দায়িত্ব পালন করুক, আর আমরা আমাদের কাজ করব। ভোট কেন্দ্রে সকলে প্রস্তুত থাকুন।”
পথসভায় এডভোকেট শাহ্ মাহফুজুল হক, হাতিয়া উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী নুর উদ্দিন মেশকাত, জামায়াত সমর্থিত পৌরসভা মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামসহ ১১দলীয় জোটের দুই সহস্রাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

