Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া ৩ হাজার পর্যটক উদ্ধার

নবধারা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণের ঘটনায় আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাজেক-বাঘাইহাট সড়কে অবরোধকারীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পর্যটকবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী ও পুলিশের টহল দল অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে।

পরে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।

এর কিছুক্ষণ পর ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি ছুড়লে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সেনাবাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সেনাবাহিনী জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।