শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত সজিব প্রামানিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব গাছে উঠে ডাব পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার রাত আনুমানিক ৩টার দিকে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান। নিহতের ভাই সোহেল রানা বলেন, “রাত তিনটা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।”
স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং তিনি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাব গাছের গোড়ায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

