চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ভূমি অফিসের অন্তর্ভুক্ত ঝিকড়া আশ্রয়ণে বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আশ্রয়ণের সুবিধাভোগী এক বিধবা মহিলা তার মেয়ের (১৫) ভরণপোষণ দিতে না পারায় মেয়েকে এক শারীরিক প্রতিবন্ধী (২৬) ছেলের সঙ্গে বিয়ে দিতে যাচ্ছিলেন। এই সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।
পরে উভয়পক্ষের মুচলেকা গ্রহণ করা হয়। এছাড়া সজ্ঞানে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ের বন্দোবস্ত করার কারণে ছেলের অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা মোতাবেক ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মেয়ের মাকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে বলা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

