Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আগে ভালো মানুষ হতে হবে, পরে সেবক — মোল্লাহাটে মতবিনিময় সভায় এমপি মশিউর রহমান

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান বলেছেন, “ভালো কর্মকর্তা, ভালো শিক্ষক অথবা যে পেশাতেই থাকি না কেন, সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। তাহলেই আমরা মানুষের প্রকৃত সেবক হতে পারব।”

বৃহস্পতিবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মশিউর রহমান খান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি দুর্নীতি, হয়রানি ও দাপ্তরিক জটিলতা কমিয়ে দ্রুত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি অফিসে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মোল্লাহাটকে একটি আধুনিক, সুশাসিত ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন এবং ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

সভায় দপ্তর প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগ দিয়ে তা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “সমস্যা থাকবে, কিন্তু সমাধানের মানসিকতা থাকতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে মোল্লাহাটে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার ও সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্য বলেন, “মানুষের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ ধারণ করেই আমরা উন্নত ও সমৃদ্ধ মোল্লাহাট গড়ে তুলব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।