সিলেট প্রতিনিধি
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবানসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

