খুলনা প্রতিনিধি
খুলনায় আবারও গুলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়ে। এতে তুষারের পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও কিছুটা দূরে পড়ে থাকা গুলির দুটি খোসা উদ্ধার করেছে। তবে ধস্তাধস্তির কারণ এবং কী কারণে তুষারকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
নগরীতে আবারও গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

