খালিয়াজুরী(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে অবৈধভাবে মাছ ধরার দায়ে তিনজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৭৮টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার মুজিবনগর, উদয়পুর ও জাহেরপুর গ্রামের পাশের হাওরে এ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ফসল রক্ষা বাঁধ কেটে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিষিদ্ধ চায়না দুয়ারি ও ভীম জাল দিয়ে মাছ ধরছিলেন ওই তিন ব্যক্তি।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাহেরপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে বিল্লাল মিয়া (৪০), জাহের আলীর ছেলে মো. জাকির হোসেন (৩৮) এবং মমিননগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. আলমগীর (২৫)। তাঁদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। পরে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জরিমানা পরিশোধের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

