বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (১৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার মাসুদুর রহমান (১৭), বরগুনার তালতলী উপজেলার বেলাল হোসেন (৩৪), সামিম (৪৫), সালাউদ্দিন (৪০), সরমী (২৭) এবং আমতলী উপজেলার রাহিমা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে লেবুখালী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান এবং আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মাহমুদ জানান, সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে মাসুদুর রহমান ও সামিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
লেবুখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি রেকারের মাধ্যমে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

