আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। জেলায় ৬০৯টি পূজামণ্ডপকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজার নবমীতে দেবহাটার ফুটবল মাঠ দুর্গামন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন পুলিশ সুপার। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পৃথক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। বিট পুলিশিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল কর্মকর্তাদের পাশাপাশি তিনি নিজেও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তা পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শনার্থীদের নির্বিঘ্নে মণ্ডপ পরিদর্শন নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ হোসেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন, ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা বিএনপি নেতা ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, যুবদল নেতা আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে পুলিশ সুপার দেবহাটার পারুলিয়া জেলিয়াপাড়া পূজামণ্ডপ এবং আশাশুনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

