মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হোসেন পলাশ।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এতে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু। মেহেদী হোসেন পলাশ মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের কোনো জেলা বা থানায় তার বিরুদ্ধে নারী নির্যাতন বা নারী কেলেঙ্কারি সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা নেই। কিন্তু ‘এফ টিভি’ নামে একটি ফেসবুক পেজে এনামুল খন্দকার নামের এক সংবাদকর্মী একজন নারীর সঙ্গে তার একটি সম্পাদিত (এডিট করা) ছবি পোস্ট করে সেখানে নারী কেলেঙ্কারি সংক্রান্ত মামলা নম্বর ২৭/২৫ উল্লেখ করেন। পরবর্তীতে সংবাদকর্মী মিজান সরদারসহ আরও কয়েকজন বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে সেটি শেয়ার করেন।
তিনি দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে তিনি প্রবাসে যাওয়ার উদ্দেশ্যে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ইউরোপের একটি দেশে পাঠানোর কথা বলে ওই ব্যক্তি তার কাছ থেকে টাকা নেন এবং লেনদেনের প্রমাণ হিসেবে একটি চেক দেন। কিন্তু পরে তিনি প্রবাসে যেতে না পেরে দেশে ফিরে আসেন।
পরবর্তীতে ওই ব্যক্তির কাছে টাকা ফেরত চাইলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি চেক ডিজঅনারের মামলা দায়ের করলে প্রতিহিংসাবশত ওই ব্যক্তি তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন, যার নম্বর ২৭/২৫।
মেহেদী হোসেন পলাশ বলেন, ওই মামলাকে কেন্দ্র করেই ফেসবুকে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে নারী কেলেঙ্কারির অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

