মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী ঈদ কার্ড আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় দুইটি গ্রুপে প্রায় একশত শিশু অংশগ্রহণ করে।
রোববার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন চত্বরে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। রঙ-তুলি ও কল্পনার মিশেলে ছোট্ট শিল্পীরা তাদের নিজস্ব ভাবনায় ঈদের আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির নানা চিত্র ফুটিয়ে তোলে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে শিশুদের অনুভূতি ও কল্পনাশক্তি প্রকাশের একটি সুন্দর সুযোগ তৈরি হয়েছে এই প্রতিযোগিতার মাধ্যমে।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতীম শীল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
প্রতিযোগিতা চলাকালে শিশুদের আঁকা রঙিন ঈদ কার্ডে পুরো আয়োজনস্থল মুখর হয়ে ওঠে। অভিভাবক ও আয়োজকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিশুদের মধ্য থেকে সেরা ঈদ কার্ড নির্বাচন করে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে সৃজনশীল চর্চা ও উৎসবের আনন্দ আরও ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

