Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ঐক্য, নৈতিকতা ও মানবিক নেতৃত্বেই দেশ এগোবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মার্চ ১৭, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় এসব মূল্যবোধ বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অ্যালামনাই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে যত বেশি ঈমানদার ও মুত্তাকী মানুষের সংখ্যা বাড়বে, সমাজ তত বেশি সুস্থ ও সুন্দর হবে। আর যদি এই সংখ্যা কমে যায়, তাহলে সমাজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে।

তিনি বলেন, জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম। আমরা ট্যালেন্ট চাই, কিন্তু কোনো ‘ইভিল ট্যালেন্ট’ চাই না। আমরা চাই এমন মেধাবী তরুণ, যারা চরিত্রবান হবে, যাদের অন্তরে থাকবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং সবার প্রতি শ্রদ্ধাবোধ।

আমীরে জামায়াত আরও বলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছিল ঈমানদার, দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন পূরণের পথে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এই অ্যালামনাই সমাবেশ সেই অগ্রযাত্রারই একটি প্রমাণ।

তিনি জুলাই আন্দোলনে শহীদ হওয়া পাঁচজন ছাত্রের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের জন্য কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে এই প্রতিষ্ঠানের তিনজন গর্বিত শিক্ষার্থী জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশসেবার সুযোগ পেয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা ও গবেষণা একটি প্রতিষ্ঠানের প্রাণ, শিক্ষকরা সেই প্রতিষ্ঠানের ইঞ্জিন আর ছাত্ররা সেই ইঞ্জিনের কাঁচামাল। এই তিনটির সঠিক সমন্বয় ঘটলেই একটি শিক্ষা প্রতিষ্ঠান সত্যিকারের আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়। জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তুরাগ শিল্পী গোষ্ঠীর ক্বারী আব্দুল্লাহ আল জাওয়াদ। পরে ইসলামী সংগীত পরিবেশন করে তুরাগ শিল্পী গোষ্ঠী।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের এমপি আ. হান্নান মাসুদ।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অধ্যক্ষ ড. হিফজুর রহমান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমীর মো. হোসেন আলী এবং সেক্রেটারি আ. স. ম. ফারুক।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন চ্যারিটি কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান ও তা’মীরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. হাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।