ফরিদপুর প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন হলে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত। তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার পররাষ্ট্র নীতি ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে। আমরা চাই, তারা নিরাপদে থাকুক এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারে।” তিনি আরও বলেন, চলমান বৈশ্বিক সংকটের স্থায়ী সমাধান কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে।
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সালথা-নগরকান্দার জনগণের উন্নয়নই তার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঝগড়া-বিবাদ নয়, মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি জানান, সালথায় একটি গার্লস স্কুল ও একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনে কী হয়েছে তা না দেখে ঐক্যবদ্ধভাবে জনগণের জন্য কাজ করতে হবে। নেতারা ঐক্যবদ্ধ থাকলে উন্নয়ন কাজ আরও সহজ হবে।”
অনুষ্ঠানে সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

