মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানক্ষেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুজন সরকার ওই গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের ধানক্ষেতে চালু থাকা সেচ মেশিন (সেলো মেশিন) বন্ধ করতে বাবা-ছেলে একসঙ্গে মাঠে যান। পরে মেশিন বন্ধ করে সুজনের বাবা বাড়িতে ফিরে এলেও সুজন আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
পরদিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্বজনরা ধানক্ষেতে গিয়ে সুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।
মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য বিদ্যুতায়িত তার বসানো ছিল। সম্ভবত সেই তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

