জয়পুরহাট প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪৮৫ জন দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী, যিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তার সুফল সমাজের সর্বস্তরের মানুষ পান। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের সহায়তা কার্যক্রম দেশের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও জানান, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সম্প্রসারিত হচ্ছে, যাতে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া সবাইকে ত্রাণ বিতরণ সুষ্ঠু ও স্বচ্ছভাবে করার আহ্বান জানান।
জানাগেছে, এই সহায়তা কার্যক্রমে ৭০০ পিচ শাড়ী, ১০০ পিচ থ্রি-পিস, ৫০ পিচ হাজী রুমাল, ৩০টি হুইলচেয়ার, ৫৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ১০ লাখসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পাওয়া উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

