শাহীন আহমেদ ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩৭টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বৃহৎ মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলটি প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। দীর্ঘদিন পর একে অপরের সাথে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে ওঠেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ আসামী। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ২০১০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
তিনি তার বক্তব্যে বলেন, “এই আয়োজন শুধু ইফতার নয়, এটি আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি অনন্য উদ্যোগ। ভবিষ্যতে আমরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজেও এগিয়ে আসতে পারি।”
ইফতার মাহফিলে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা বলেন, এমন আয়োজন নিয়মিত হলে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্মও অনুপ্রাণিত হবে। অনেকে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করা হয়।
অনুষ্ঠানে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজনটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

