গোপালগঞ্জ প্রতিনিধি
বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এবং মাঝেমধ্যে বৃষ্টিপাত হলেও ঈদের আনন্দে কোনো ভাটা পড়েনি।
বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে খোলা ঈদগাহে জামাত অনুষ্ঠিত না হয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। পৌরসভাসহ বেশ কিছু এলাকায় প্রধান ঈদ জামাত স্থগিত করা হলেও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্থানীয় মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঘরে ঘরে রান্না হয় সেমাই, নুডুলসসহ নানা মুখরোচক খাবার।
এদিকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে শিশু-কিশোররা নতুন পোশাক পরে বাইরে বের হয়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘরোয়া পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করেন।
টুঙ্গিপাড়ার চরগোপালপুর গ্রামের বাসিন্দা তামিম চৌধুরী বলেন, “আবহাওয়া খারাপ থাকলেও ঈদের আনন্দে কোনো ঘাটতি ছিল না। আমরা দৌড়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি, তারপরও খুব ভালো লেগেছে।”
টুঙ্গিপাড়া পৌর এলাকার বাসিন্দা এমদাদুল হক বলেন, “প্রধান ঈদ জামাত বাতিলের খবর পেয়ে ছেলেকে নিয়ে বাড়ির পাশের মসজিদেই নামাজ আদায় করেছি।”
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, কালবৈশাখীর প্রভাবে যেকোনো সময় ঝড়ো হাওয়া বইতে পারে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আগামীকাল থেকে কমে যেতে পারে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশেই সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।

