মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন নিহত এবং অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর (মুহাম্মদপুর) এলাকায় ছালেহিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হেরিটেজ ট্যুর এন্ড ট্রাভেলসের (ময়মনসিংহ ব-১১০২৭৬) একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল বালুবাহী ট্রাককে (চুয়াডাঙ্গা ট-১১০৬৪৭) পেছন দিক থেকে ধাক্কা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি রাস্তার পাশে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ একজন যাত্রী নিহত হন। নিহত যাত্রীর পরিচয় পাওয়া গেছে—তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাটিখাল এলাকার খবির উদ্দিন শেখের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮)। অপর নিহত ব্যক্তি বাসের হেলপার, যার নাম মোঃ আজিজুল ইসলাম (২৫) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত অন্তত তিনজনের অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহজাবিন।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লুবনা আক্তার এবং ঢাকার মাদার টেক এলাকার ছেন্টু। এছাড়াও আরও ৬ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর অনেক যাত্রী নিকটবর্তী চন্ডিপুর (মুহাম্মদপুর) এলাকায় ছালেহিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা আশ্রয় নেন।
খবর পেয়ে বিরামপুর ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পাশাপাশি বিরামপুর থানা পুলিশ আহতদের উদ্ধার, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।
পরে দিনাজপুর জেলা পুলিশের একটি রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলপরিদর্শন করেন বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি পলিপ্রয়াগপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহযোগিতা করেন।

