চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে বাগেরহাটের চিতলমারীতে চরবানিয়ারী পশ্চিমপাড়া চণ্ডীভিটা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার ও তাঁর স্ত্রী সোনিকা পান্নু। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় খুলনা থেকে সড়কপথে চিতলমারীর চণ্ডীভিটা দুর্গামন্দিরে পৌঁছান তাঁরা। এ সময় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চণ্ডীভিটায় ২০১টি প্রতিমা নিয়ে আয়োজিত পূজামণ্ডপের বিভিন্ন প্রতিমা ঘুরে দেখেন ভারতীয় সহকারী হাইকমিশনার ও তাঁর স্ত্রী। পরে তাঁরা হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের খোঁজখবর নেন। এ সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রার্থনাও করেন পবন কুমার।
মন্দির পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি এবং সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
শফিকুল ইসলাম সাফা
চিতলমারী, বাগেরহাট

