Nabadhara
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বেতনা নদীর ভাঙনে হুমকিতে বুধহাটা বাজার, বিলীন হচ্ছে বেড়িবাঁধ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা বাজার আবারও বেতনা নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে। নদীর প্রবল স্রোতে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে পড়ছে, ফলে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি চরম ঝুঁকির মুখে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিকল্পিত নদী খনন ও ব্যবস্থাপনার অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে বুধহাটা বাজারসংলগ্ন ভাঙনকবলিত এলাকায় খনন কাজ করা হয়েছে। এতে নদীর স্রোতের গতিপথ পরিবর্তিত হয়ে সরাসরি বাজারের দিকে আঘাত হানছে। গত কয়েকদিনেই প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।

ভাঙনের ফলে নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে হঠাৎ পাড় ধসে পড়ে, এতে যাত্রীরা নদীতে পড়ে যান। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, কেবল বালুর বস্তা ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো সম্ভব নয়। তারা দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং স্রোতের দিক পরিবর্তনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-২ এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান তাসকিয়া বলেন, নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি কোনো বেড়িবাঁধ থাকে, বিষয়টি আমরা দেখব। তবে বুধহাটা বাজার রক্ষার বিষয়ে তিনি বলেন, খাসজমি রক্ষা করা পাউবোর দায়িত্বের মধ্যে পড়ে না।

এদিকে সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে মূল পাউবোর বাঁধ বিলীন হয়ে গেছে এবং বর্তমান বাঁধ পিছু হটতে হটতে বাজারের মধ্যে এসে পড়েছে। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই পুরো বাজার ও আশপাশের জনবসতি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।