যশোর প্রতিনিধি
যশোর শহরের এমকে রোড এলাকায় অবস্থিত ‘নাজমা হোটেল’-এ অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৯ মার্চ) সকালে পরিচালিত অভিযানে হোটেলটির রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবহারের প্রমাণ মেলে।
এ সময় হোটেলের ভেতরে আবর্জনার স্তূপ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের বিষয়টিও নজরে আসে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অনিয়মের দায়ে হোটেল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

